স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় নাজিরপুরে ৩ জনকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগ
নাজিরপুর প্রতিনিধি :
জেলার নাজিরপুরে সহপাঠি স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তিন এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করেছে ছাত্রলীগ নেতারা। গুরুতর আহত আরাফাত ইসলাম সানিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত কায়েস শেখ, জয় মৃধা ও আরাফাত ইসলাম সানি সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থী ও উপজেলার শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় ছাত্র।
হামলার শিকার কায়েস শেখ জানায়, তারা তিন জন বিজ্ঞান বিভাগের ছাত্র। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা সদরের সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে হল থেকে বের হওয়ার পর তাদের এক বান্ধবীকে উত্যক্ত করে ৩ বখাটে। সানি এ ঘটনার প্রতিবাদ করলে তাদের সাথে কথা কাটা-কাটি হয়। পরে তারা উপজেলা সাব-রেজিষ্টার অফিস সংলগ্ন একটি রেষ্টুরেন্টে নাস্তা খেতে বসে। এ সময় ছাত্রলীগের নাজিরপুর উপজেলা শহর কমিটির সভাপতি গিয়াস ফরাজী ও সাধারণ সম্পাদক আসলাম শেখসহ কয়েকজন আরাফাত ইসলাম সানিকে রেষ্টুরেন্ট থেকে ডেকে বাইরে নিয়ে তাদের হাতে থাকা লোহার রড ও বাকলি দিয়ে পিটাতে থাকে। এসময় তাদের বাধা দিলে হামলাকারীরা কায়েস ও জয়কেও মারধর করে।
গুরুতর আহত আরাফাত ইসলাম সানি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লার ছেলে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজেদুল কবির রাসেল হামলার শিকার আহতরা শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রদলের কর্মী বলে নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ সুমন হাওলাদার হামলাকারীরা ছাত্রলীগের উপজেলা শহর কমিটির সভাপতি ও সম্পাদক বলে নিশ্চিত করেছেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেয়া হবে।
