বাগেরহাটে দেবরের লাঠির আঘাতে ভাবী নিহত
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোড়েলগঞ্জে জমির মাটি কাটাকে কেন্দ্র করে দেবরের লাঠির আঘাতে ভাবী ছায়েরা ওরফে কমলা ওরফে কুশি বেগম (৪২) নিহত হয়েছেন।
বুধবার দুপুরে মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের শনিরজোড় গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে হত্যার ঘটনায় জড়িত নিহতের দেবর তালুকদার রফিকুল ইসলাম মন্টুকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
নিহত ছায়েরা ওরফে কমলা ওরফে কুশি বেগম খলিল তালুকদারের স্ত্রী।
মোড়েলগঞ্জ থানার ওসি (তদন্ত) তারক বিশ^াস জানান, খলিল তালুকদার ও তার স্ত্রী বাড়ির পাশের মাছের ঘেরে মাটি কাটতে যান। এ সময় খলিলের ছোট ভাই তালুকদার রফিকুল ইসলাম মন্টু সেখানে গিয়ে ওই ঘেরে তার জমি রয়েছে দাবী করে তাদের মাটি কাটতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খলিলের ছোট ভাই রফিকুল ইসলাম মন্টু ক্ষুব্দ হয়ে লাঠি দিয়ে তার ভাবী ছায়েরার মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে খলিল রক্তাক্ত জখম হওয়া স্ত্রীকে উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনায় জড়িত খলিলের ভাই তালুকদার রফিকুল ইসলাম মন্টুকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
তিনি বলেন, তালুকদার রফিকুল ইসলাম মন্টুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণের একাধিক মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
