প্রধান সূচি

বাগেরহাটে বাল্যবিয়ে দেয়ায় মেয়ের বাবা ও কাজীকে অর্থদন্ড

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বাল্যবিয়ে দেয়ার ঘটনায় মেয়ের বাবা এবং বিয়ে পড়ানো কাজীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে জেলার কচুয়া উপজেলার বিলকুল এলাকায় অভিযান চালিয়ে কাজী ও মেয়ের বাবাকে মোট ৮০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, বিয়ের কাজী বাগেরহাট পৌরসভার সরুই এলাকার আছির উদ্দিনের ছেলে আবু তৈয়ব এবং মেয়ের বাবা কচুয়া উপজেলার ফতেপুর গ্রামের মোজ্জাফর হোসেন।

বাগেরহাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দীন বলেন, বাল্যবিয়ে দেয়া হচ্ছে এমন খবর পেয়ে দুপুরে কচুয়ার বিলকুল গ্রামের প্রয়াত আব্দুল মনসুর নকিবের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়িতে গিয়ে জানতে পারি একদিন আগে সোমবার আব্দুল মনসুরের ছেলে নকিব পারভেজের সাথে ফতেপুরের মোজ্জাফর হোসেনের অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়েটি সদ্য শেষ হওয়া এসএসসি’র পরীক্ষার্থী। মেয়ের প্রকৃত বয়স ১৬ বছর ৬ মাস হলেও এফিডেভিট করে বিয়েতে তার বয়স বাড়িয়ে ১৮ বছর দেখানো হয়েছে। বিয়ের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না হলেও কাজী আবু তৈয়ব ওই বিয়ে পড়ান। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্যবিয়ে পড়ানোর দায়ে কাজী আবু তৈয়বকে ৫০ হাজার টাকা এবং মেয়ের বাবাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial