ভান্ডারিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা
ভান্ডারিয়া প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মোঃ জালাল হাওলাদার (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক জালাল উপজেলার গৌরিপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে।
জানাগেছে সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বাড়ির অদূরে মাঠ থেকে গরু আনতে গেলে দুর্বৃত্তরা তার বুকের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সন্ধ্যার পর তাকে স্বজনরা মাঠ থেকে উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ডাক্তার মোঃ ফখরুল ইসলাম মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করা হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।
ভান্ডারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ঘটনা শোনার পর হাসপাতালে গিয়ে আমি লাশ দেখে এসেছি। হত্যার কারণ জানতে নিহতের স্ত্রী, মেয়ে ও স্বজনদের সাথে কথা বলছি।
নিহতের স্ত্রী পারুল বেগম জানান, আহতাবস্থায় আমার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে আমাকে বলে গেছেন জাহাঙ্গীর ও তার ছেলে মারুফ নামের দুই লোক তাকে কুপিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮ টায় লাশ হাসপাতালে রয়েছে।
