কাউখালীতে ইটভাটা মালিককে জরিমানা

কাউখালী প্রতিনিধি :
জেলার কাউখালী উপজেলার গোসনতারা গ্রামে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় ৪নং ধারায় একটি ইটভাটাকে ১৫ হাজার টাকা জরিমানা ও তিনটি পাঁজার ১০ হাজার কাঁচা ইট বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাবনী চাকমা এ জরিমানা করেন।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপজেলার গোসনতারা, বিড়ালজুড়ি গ্রামের তিনটি পাঁজা ও একটি ইটভাটায় অভিযান চালান। এসময় লাইন্সেসবিহীন এইচএমবি ব্রিকস নামের এক ইটভাটায় ইট প্রস্তুত ও পোড়ানোর দায়ে ইটভাটার (পাজাঁ) মালিক বনি আমিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কাঁঠালিয়া গ্রামের ইউনুছ মিয়া, বিড়ালজুড়ি গ্রামের শামসুল হক ও মোশারেফ হোসেনের ইট পাঁজায় অভিযান চালানোর সময় কাউকে না পাওয়ায় জরিমানা করা যায়নি। তবে ওই তিনটি ইটের পাঁজার ১০ হাজার কাঁচা ইট বিনষ্ট করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের বরিশালের সিনিয়র কেমিষ্ট কাজী সুমন উপস্থিত ছিলেন।
