সারাদেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট : জনজীবনে দুর্ভোগ

কন্ঠ রিপোর্ট :
এক বাসচালকের যাবজ্জীবন কারাদন্ডাদেশের প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে এ ধর্মঘট। ধর্মঘটের কারণে দূরপাল্লাসহ আন্তঃজেলা এবং জেলার অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে জনজীবনে নেমে এসেছে নানা দুর্ভোগ।
সোমবার রাতে রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক বৈঠকে ধর্মঘটের এ সিদ্ধান্ত নেয়া হয়। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সমন্বয়ক আব্দুর রহিম বক্স দুদু এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করে আসছে খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। তবে ধর্মঘটের দ্বিতীয় দিন সোমবার খুলনা সার্কিট হাউস মিলনায়তনে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে পরিবহন শ্রমিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমিকরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বলে বৈঠক শেষে জানানো হয়। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব সোমবার সন্ধ্যা থেকে ধর্মঘট প্রত্যাহারে যৌথ ঘোষণা দেন।
কিন্তু সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়নি বলে জানানো হয়। খুলনা বিভাগীয় সমন্বয়ক আব্দুর রহিম বক্স দুদু সাংবাদিকদের জানান, ধর্মঘট প্রত্যাহারে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিক ফেডারেশনের কোন প্রতিনিধি অংশ নেয়নি। ওই বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও সেটি কার্যকর হবে না।
এদিকে শ্রমিক ফেডারেশনের ডাকা পরিবহন ধর্মঘটের প্রভাবে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজধানীর সাথে সারাদেশের সড়কপথে যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছাড়া হয় নি। তেমনি পিরোজপুর থেকেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কোন পরিবহন ছেড়ে যায় নি। কাউন্টারের সামনে যাত্রীরা বসে রয়েছেন। যে সব বাস অগ্রিম টিকিট বিক্রি করেছিল সেগুলো ফেরত নেয়া হচ্ছে।
পিরোজপুর দোলা কাউন্টারের দায়িত্বরত ব্যক্তি জানান, সড়ক দুর্ঘটনায় চিত্রপরিচালক তারেক মাসুদ, মিশুক মুনীরসহ মানিকগঞ্জের জোকায় নিহতের ঘটনায় বাসচালককে দেয়া শাস্তির প্রতিবাদে ধর্মঘট চলছে। সে কারণে আমরা টিকিট ফেরত নিচ্ছি। কতদিন এ ধর্মঘট চলবে জানতে চাইলে তিনি বলেন, অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। তবে তিন দিনের আগে শেষ হবে বলে মনে হয় না।
পিরোজপুর থেকে ঢাকাগামী বাসের অধিকাংশ বাস কাউন্টার খোলা থাকলেও সেগুলো থেকে কোন টিকিট বিক্রি হচ্ছে না। যারা টার্মিনালে এসেছেন তাদের কেউই জানতেন না যে পরিবহন ধর্মঘট চলছে।
খুলনা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি ফয়সাল আমীন জানান, খুলনার বিভিন্ন রাস্তায় বাস ট্রাক আটকে রাখা হচ্ছে। অবরোধকারীরা রাস্তায় বেঞ্চ রেখে বসে থাকে, যখন বাস ট্রাক আসে সাথে সাথে থামিয়ে রাস্তার পাশে সাইড করে রেখে দেয়। অবরোধে খুলনা-বাগেরহাট সড়কে শুধুমাত্র ইজিবাইক (অটোরিক্সা) চলাচল করছে।
ইজিবাইকে খুলনা থেকে বাগেরহাটে প্রতি যাত্রীর কাছ থেকে ২০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। উপায় না পেয়ে ঘরে ফেরা মানুষজন অতিরিক্ত এ টাকা দিয়েই যাচ্ছে নিজের গন্তব্যে। আর খুলনা থেকে পিরোজপুর যেতে খরচ হচ্ছে ২৭০ টাকা থেকে ৩০০ টাকা। টাকা। শহর এলাকার বাস চলাচলে বাধা দেওয়ার কারণে যাত্রীদের পড়তে হচ্ছে নানা দুর্ভোগে। কর্মস্থলে যোগদানে অনেকেই পায়ে হেঁটে রওয়ানা হয়েছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জানান, আমার পরীক্ষা ছিল, কিন্তু বাস ধর্মঘটের কারণে যেতে পারি নি। সরকারের কাছে দাবী, তাড়াতাড়ি বাস ধর্মঘটের বিষয়টির সমাধান করুক।
এদিকে, দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজধানীগামী বাস ঢাকা শহরে প্রবেশ করতে দিচ্ছে না পরিবহন শ্রমিকরা। রাজধানীর রায়ের বাগ এলাকায় সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে তারা। ফলে রায়েরবাগ থেকে সাইনবোর্ড পর্যন্ত যানবাহনের বিশাল জট তৈরি হয়েছে।
উল্লেখ্য, ছয় বছর আগে ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে বাসের ধাক্কায় মাইক্রোবাস আরোহী চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন মারা যান।
সেই দুর্ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের আদালত আসামি বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা ধর্মঘটে নামেন।
