প্রধান সূচি

পিরোজপুরে পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে গিয়ে বিপাকে উপ-পরিচালক : জীবন নাশের হুমকী

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরে পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে গিয়ে বিপাকে পড়েছেন পিরোজপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক উত্তম কুমার দেব। দালাল এবং তাদের প্রশ্রয়দাতা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কতিপয় নেতা-কর্মীর অব্যহত হুমকি ও ভয়ভীতি প্রদানের কারণে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন উপ-পরিচালক। এ বিষয়ে তিনি একাধিকবার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইন-শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষসহ পাসপোর্ট ও বর্হিগমন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।

সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারী বিকেলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কতিপয় নেকা-কর্মী শহরের পাড়েরহাট সড়কস্থ পাসপোর্ট অফিসে গিয়ে উপ-পরিচালক উত্তম কুমার দেবকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষনিকভাবে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখকে জানানো হলে তিনি পুলিশে খবর দেয়ার জন্য উপ-পরিচালককে বলেন। পরে পিরোজপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমকীদাতাদের অফিস থেকে বের করে দেয়।

এ বিষয়ে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক উত্তম কুমার দেব জানান, পিরোজপুর পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করে জনগনকে সরাসরি সেবা প্রধান নিশ্চিত করতে গিয়ে এখন নিজের জীবন নিয়ে শংকা দেখা দিয়েছে।

তিনি বলেন, “গত ২০ ফেব্রুয়ারী বিকেল সোয়া ৪ টার দিকে ৪/৫ জন যুবক একটি পাসপোর্ট করার জন্য ফরম নিয়ে আসে। এসময় তাদের ফরমের সংযুক্ত কাগজপত্র সত্যায়িত না থাকায় তা সত্যায়িত করে এনে দেয়ার কথা বললে তারা উত্তেজিত হয়ে অশ্লিল ভাষায় গালিগালাজ করে নানা হুমকি দেয়। ঘটনাটি সাথে সাথে জেলা প্রশাসক মহোদয়কে জানানো হলে তিনি বিষয়টি থানা পুলিশকে জাননো পরামর্শ দেন। বিষয়টি পিরোজপুর থানাকে জানালে পুলিশ এসে হুমকীদাতাদের দেখে তাদের সামান্য ভৎসনা করে অফিস ছেড়ে চলে যেতে বললে তারা (হুমকীদাতা) তখন চলে যায়। তবে পুলিশ এ সময় কাউকেই আটক করেনি। অফিসে এসে গালিগালাজ ও হুমকি দেয়ার বিষয়ে বৃহস্পতিবার পিরোজপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।

তিনি জানান, মুলতঃ পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করার কারনেই বিভিন্ন অজুহাতে দালালচক্রের লোকজন এবং সয়ং দালালরা এসব হুমকী দিয়ে চলছে। গত ১৪ ডিসেম্বর পিরোজপুর পাসপোর্ট অফিসে যোগদানের পর অফিসটি দালালমুক্ত করা হয়। এরপর থেকেই একের পর এক হুমকী ও ভয়ভীতির সম্মুখীন হতে হচ্ছে।

পিরোজপুর সদর থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, পাসপোর্ট অফিসের উপ-পরিচালককে তার অফিসে গিয়ে কে বা কারা হুমকী ও ভয়ভীতি দিয়েছে এ সংক্রান্ত পিরোজপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন উপ-পরিচালক। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, পিরোজপুর পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে একটি দালালচক্র আস্তানা গেড়েছিল। আগের উপ-পরিচালক খয়রাত হোসেনের ছত্রছায়ায় উক্ত দালাল চক্রটি পাসপোর্ট গ্রাহীতাদের জিম্মি করে সরকার নির্ধারিত ফি’র বাইরে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। এ সংক্রান্ত নানা অভিযোগের ভিত্তিতে তাকে পিরোজপুর থেকে প্রত্যাহার করে নিয়ে বর্তমান উপ-পরিচালককে নিয়োগ দেয়া হয়।

 

 

 

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial